যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনার মুখে কিয়ারা আদভানি

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। তবে ছবির ট্রেলার এবং ‘তাবাহি’ শিরোনামের গানে সহশিল্পী যশের সঙ্গে কিছু অন্তরঙ্গ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

এমন পরিস্থিতিতে কিয়ারার পাশে এসে দাঁড়িয়েছেন তার স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার ট্রেলারটি শেয়ার করে কিয়ারার কাজের প্রশংসা করেছেন তিনি। সিদ্ধার্থ বলেন, কিয়ারার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা বড় পর্দায় স্পষ্টভাবে ফুটে উঠবে। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া পরিচালক গীতু মোহনদাস, সহশিল্পী যশ এবং পুরো টিমের প্রশংসা করে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেন সিদ্ধার্থ। আগামী ২৬ আগস্ট সিনেমাটি মুক্তির কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়েছেন।

এদিকে ‘তাবাহি’ গানের দৃশ্যগুলো নিয়ে অনলাইনে নানা ধরনের কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য চলছে। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে কিয়ারাকে নিজের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তার সহশিল্পী যশ। শনিবার বেঙ্গালুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে যশ বলেন, কিয়ারা এই চরিত্রের জন্য যে নিষ্ঠা ও একাগ্রতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি কিয়ারাকে নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের কাজের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। যশ আশাবাদ ব্যক্ত করেন যে, শেষ পর্যন্ত দর্শকরা কিয়ারার কাজের যথাযথ মূল্যায়ন করবেন।