কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা ‘জয়া আর শারমিন’, সম্মানিত জয়া আহসান

কলকাতায় আয়োজিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে পিপলু আর খান পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। ছয় দিনের এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। রোববার রাতে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় এই সিনেমাটিকে।

চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এই অর্জন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া বলেন, এটি কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো চলচ্চিত্র দলের জন্য বিশেষ অর্জন এবং বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গর্বের বিষয়। বিশেষ করে লকডাউনের মতো সীমাবদ্ধ পরিস্থিতির মধ্যে দুই নারীর সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই ছবিটির প্রতি কলকাতার দর্শক, সমালোচক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ইতিবাচক সাড়া তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই বাংলা মনস্তাত্ত্বিক চলচ্চিত্রে জয়ার পাশাপাশি শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসিনা আক্তার। ছবিটির গল্প আবর্তিত হয়েছে একই ছাদের নিচে দীর্ঘ সময় আটকে থাকা দুই নারীর নিঃসঙ্গতা, পারস্পরিক মানসিক নির্ভরতা এবং শ্রেণি ও ক্ষমতার ব্যবধানকে কেন্দ্র করে।

এবারের উৎসবে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রও বিশেষ স্বীকৃতি পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ বিচারকদের বিশেষ স্বীকৃতি বা ‘জুরি মেনশন’ লাভ করেছে। ‘জয়া আর শারমিন’ ছবির এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জয়া আহসানের অভিনয়জীবনের ঝুলিতে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য যুক্ত হলো।