ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত ও মামলা দায়ের করা হয়েছে। মূলত ‘তেহরান প্যারিস তেহরান’ নামের একটি নাটকের মঞ্চায়নে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার একটি দৃশ্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির সরকারি কৌঁসুলিরা এই দৃশ্যকে ‘সামাজিক রীতিনীতি’র লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। নাটকটির মূল কাহিনী আবর্তিত হয়েছে সারা নামের এক তরুণীকে ঘিরে, যিনি বাবার হত্যার প্রতিশোধ নিতে তেহরান থেকে প্যারিসে গমন করেন এবং পরবর্তীতে ইরানে ফিরে আসেন।
বিতর্কিত এই দৃশ্যে অভিনেত্রী ফাতেমেহ মাসৌাদিফারকে তার সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। সেই মুহূর্তে অভিনেতার হাত অভিনেত্রীর মাথার উপর ছিল বলে প্রতীয়মান হয়। ইরানের ইসলামী আইন অনুযায়ী, আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী ও পুরুষের মধ্যে প্রকাশ্যে শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ, যা মঞ্চের অভিনয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে নাটকটির প্রযোজনা সংস্থা এই অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, খুব কাছ থেকে এবং সংকীর্ণ কোণ থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারণেই অভিনেতা-অভিনেত্রীকে বাস্তবের তুলনায় অনেক কাছাকাছি মনে হয়েছে। প্রযোজনা সংস্থাটির দাবি, নাটকের ওই দৃশ্যে অভিনয় করা দুই চরিত্র আসলে ভাই-বোন, তাই ইসলামি আইনের দৃষ্টিতে তাদের শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়। নাটকটির একটি সংকটপূর্ণ মুহূর্ত তুলে ধরতেই ওই দৃশ্যটি মঞ্চায়ন করা হয়েছিল বলে তারা জানায়।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই কোম শহরের একটি আপিল আদালত গায়িকা পারাস্তু আহমাদি ও আরও সাতজন সংগীতশিল্পীর সাজা বহাল রেখেছে। গত বছরের ডিসেম্বরে ইউটিউবের আয়োজিত একটি কনসার্টে হিজাব ছাড়া গান গাওয়ার কারণে তাদের প্রত্যেককে ৭৪টি বেত্রাঘাত এবং দুই বছরের জন্য গান পরিবেশন ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবের আয়োজিত একটি কনসার্টে হিজাব ছাড়া গান গাওয়ার কারণে তাদের সাজা দেওয়া হয়েছিল।

