সন্দীপ রেড্ডির সঙ্গে কেন কাজ করতে চাননি দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি প্রায় এক বছর পর আবারও আলোচনায় উঠে এসেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং প্রভাস অভিনীত এই সিনেমাটিতে দীপিকার অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। সম্প্রতি পরিচালকের ভাই প্রণয় দাবি করেছেন যে, দীপিকা সিনেমাটির মুনাফার ১০ শতাংশ দাবি করেছিলেন, যা বাজেটের হিসাব মেলাতে জটিলতা তৈরি করেছিল।

প্রণয়ের ভাষ্যমতে, প্রায় ১৮ মাস ধরে দীপিকার সঙ্গে আলোচনা চালিয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে পারিশ্রমিক এবং সময়সূচি নিয়ে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত দীপিকাকে বাদ দিয়েই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। প্রণয় জানান, ওই সময় দীপিকার বক্স অফিস সাফল্য তাকে পারিশ্রমিকের ব্যাপারে বেশ শক্ত অবস্থানে রেখেছিল।

এদিকে, ঘটনার ভিন্ন এক চিত্র সামনে এনেছেন দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র। ওই সূত্রের দাবি, অভিনেত্রী জীবনে মাত্র একবারই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করেছিলেন এবং সেই বৈঠকে পরিচালক এক ঘণ্টা দেরিতে উপস্থিত হয়েছিলেন। সূত্রটি আরও জানায়, ওই সাক্ষাতে দীপিকা পেশাদার আচরণ বজায় রাখলেও তাকে পুরো গল্পের চিত্রনাট্য শোনানো হয়নি, বরং শুধু এক লাইনে সিনেমার ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু পুরো গল্প না জেনে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া দীপিকার স্বভাব নয়, তাই শুরু থেকেই সিনেমাটি তার বিবেচনায় ছিল না।

দীপিকার ঘনিষ্ঠ ওই সূত্রের দাবি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমার নারীবিদ্বেষী মনোভাবের কারণে তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না দীপিকা। তার মতে, পরিচালকের ব্যক্তিজীবন এবং নির্মিত সিনেমাগুলোতে এমন মনোভাবের প্রতিফলন স্পষ্ট।