সালমানের সাথে হ্যান্ডশেকের পর সাত দিন হাত ধোননি চাঁদনী

বলিউড সুপারস্টার সালমান খানের দীর্ঘদিনের ভক্ত অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। শৈশবের সেই পাগলামি আর প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার রোমাঞ্চকর স্মৃতির কথা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ফেসবুকে সালমানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে চাঁদনী লিখেছেন, যারা তার সাক্ষাৎকার দেখে তাকে 'চাপা' বলেছিলেন, এই ছবিগুলো মূলত তাদের জন্যই।

নব্বইয়ের দশকের শেষের দিকে, ১৯৯৭ থেকে ১৯৯৮ সালের দিকে সালমান খানের ঢাকা আসার কথা শুনেই উত্তেজনায় টিকিট কেটেছিলেন চাঁদনী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হয়ে যাওয়ায় তার মন খারাপ হয়ে গিয়েছিল। তবে প্রিয় তারকার সঙ্গে দেখা করার জেদ ছাড়েননি তিনি। কিছুদিন পর জানতে পারেন, সালমান খান ঢাকায় এসে শেরাটন হোটেলে (বর্তমান ইন্টারকন্টিনেন্টাল ঢাকা) উঠেছেন। এরপর নানা কৌশলে সেখানে পৌঁছানোর সুযোগ করে নেন এই অভিনেত্রী।

সেই দিনের কথা স্মরণ করে চাঁদনী জানান, তার সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম এবং চিত্রগ্রাহক মহসিন ছিলেন। রুমের ঠিকানা জোগাড় করে ভেতরে গিয়ে দেখেন সালমান খান একা। অনুমতি নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ান এবং নিজের নাম ও পরিচয় জানান। সালমান খান তখন তাকে অটোগ্রাফ লিখে দিয়েছিলেন, যেখানে লেখা ছিল—'চাঁদনী, ফর ইয়োর সালমান'।

সাক্ষাতের মুহূর্তটি নিয়ে চাঁদনী বলেন, তিনি সেদিন সালমান খানের হাত ধরে ছিলেন এবং পুরো সময়টাতেই হাত ধরে রেখেছিলেন। সালমান খান লাজুক প্রকৃতির ছিলেন এবং নাম জিজ্ঞাসা করার সময় তার দিকে তাকিয়েছিলেন, যা আজও তার মনে গেঁথে আছে। শৈশবের সেই ক্রেজি ফ্যান হওয়ার কথা জানিয়ে চাঁদনী বলেন, প্রিয় তারকার সঙ্গে হ্যান্ডশেক করার পর তিনি বাসায় ফিরে টানা সাত দিন হাত ধোননি। ১৯৮৯ সালে 'ম্যায়নে প্যার কিয়া' সিনেমা দেখার পর থেকেই সালমানের প্রতি এই ভালোলাগার শুরু হয়েছিল, যা আজও তার জীবনের অন্যতম বিশেষ একটি স্মৃতি হয়ে রয়েছে।