ব্রেট লির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন প্রীতি জিনতা

দুই হাজার সালের শুরুর দিকে বলিউড অভিনেত্রী ও ক্রিকেটারদের গোপন প্রেমের খবর বিনোদন জগতে বেশ চর্চিত ছিল। সেই সময়ের অন্যতম আলোচিত গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি এবং বলিউড তারকা প্রীতি জিনতাকে নিয়ে। প্রতিবার আইপিএল মৌসুম শুরু হলেই তাদের সম্পর্কের জল্পনা নতুন করে মাথাচাড়া দিত। অজি তারকা এতদিন নীরব থাকলেও সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সব গুঞ্জনে পানি ঢেলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ব্রেট লি স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করেননি। প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক প্রীতি জিনতা অত্যন্ত বুদ্ধিমতি একজন মানুষ এবং তার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তারা সেই সময় যেমন ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন বলে তিনি জানান। ব্রেট লি আরও বলেন, এসব গুঞ্জনের সত্যতা সম্পর্কে তিনি জানতেন বলেই এই খবরে কখনো কান দেননি এবং কোনো কিছুকেই তার মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দেননি।

২০০৮ থেকে ২০১১ সালের দিকে ব্রেট লি যখন পাঞ্জাব দলে খেলতেন, তখন প্রীতির সঙ্গে তাকে একাধিকবার দেখা যেত। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখার পরই গোপনে প্রেম করার গুঞ্জন তুঙ্গে ওঠে। অবশ্য প্রীতি জিনতা সে সময় নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন বেশ পুরোনো এবং তারা শুধুই ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি পরবর্তীতে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রীতি জিনতা জিন গুডএনাফকে বিয়ে করে সংসার করছেন। প্রীতি জিনতা দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত থাকলেও, রাজকুমার সন্তোষীর নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে ফিরছেন। সানি দেওল ও শাবানা আজমি অভিনীত এই ছবির পাশাপাশি কুণাল খেমুর পরিচালনায় ‘ভাইব’ নামের আরেকটি চলচ্চিত্রেও তাকে দেখা যাবে।