মাতৃত্বের পরের শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের শিকার বিপাশা বসু

বলিউড অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতা নিয়ে নারীদের অনুপ্রাণিত করে আসছেন। তবে মা হওয়ার পর নিজের শারীরিক পরিবর্তন, সৌন্দর্য এবং ওজন নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা ও সামাজিক মাধ্যমে হওয়া ট্রলিংয়ের বিষয়ে এবার কঠোর অবস্থান নিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি 'এল ইন্ডিয়া' ম্যাগাজিনের প্রচ্ছদ শুটিংয়ের সময় বিপাশা মাতৃত্বকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম সন্তান দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানান তিনি। এরপর থেকেই শারীরিক পরিবর্তনের কারণে তাকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

এ বিষয়ে বিপাশা বলেন, নারীদেহ নিয়ে আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত! তার মতে, ৪০ বছর বয়সে মা হওয়ার পর সমাজের প্রত্যাশা থাকে যেন একজন নারী অলৌকিকভাবে ২০ বছরের তরুণীর চেহারায় ফিরে যান। অথচ একজন নতুন মা সন্তান, পরিবার ও নিজের জীবন সামলাতে যে কঠোর পরিশ্রম করেন, তা সমাজের নজরে আসে না। সমাজ কেবল নারীর পুরোনো চেহারায় দ্রুত ফিরে আসাটাকেই গুরুত্ব দেয়, মাতৃত্বের শারীরিক পরিবর্তনের বাস্তবতাকে খুব কম মানুষই বোঝার চেষ্টা করেন।

পাপারাজ্জিদের অসংবেদনশীল আচরণ ও সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হলেও বিপাশা ভেঙে পড়েননি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। কোনো ট্রল আমাকে ভাঙতে পারবে না। বাইরের নেতিবাচক কোলাহল তাকে প্রভাবিত করতে পারে না জানিয়ে অভিনেত্রী বলেন, নিজের পথচলা কতটা কঠিন ছিল এবং কখন কী করতে হবে, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নিতে পারেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের পরিচয় হয় এবং পরের বছর এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওটিটিতে তার অভিষেক হয়েছিল এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এর মাধ্যমে। বর্তমানে বড় পর্দা থেকে দূরে থাকলেও কন্যা দেবীকে নিয়ে সংসার ও ব্যক্তিগত জীবন উপভোগ করছেন এই অভিনেত্রী।