চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক ব্যস্ত সময় নিয়ে হাজির হচ্ছে ২০২৬ সালের শেষ প্রান্ত। বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরজুড়ে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে হলিউড ও ভারতীয় সিনেমার বেশ কিছু আলোচিত মেগা আয়োজন। এই সময়ে পর্দায় দেখা মিলবে অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, টিমোথি শ্যালামে, রবার্ট ডাউনি জুনিয়র, রণবীর কাপুর, অজয় দেবগন ও শাহরুখ খানের মতো তারকাদের।
কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি মনস্তাত্ত্বিক থ্রিলারটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ডাকোটা জনসন ও জশ হার্টনেট। মাইকেল শোওয়াল্টার পরিচালিত এই সিনেমায় অ্যান হ্যাথাওয়ে লেখক ভেরিটি ক্রফোর্ড এবং ডাকোটা জনসন লোয়েন অ্যাশলির চরিত্রে অভিনয় করেছেন। ১ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগনের দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা 'দৃশ্যম: দ্য কনক্লুশন'। এতে আগের কিস্তির অভিনেতা প্রকাশ রাজসহ আরও অনেকে থাকছেন এবং বিজয় সালগাঁওকরের গল্পের সমাপ্তি ঘটবে এই ছবির মাধ্যমে।
৯ অক্টোবর মুক্তি পেতে যাওয়া অ্যারন সরকিন পরিচালিত 'দ্য সোশ্যাল রেকনিং' চলচ্চিত্রে অভিনয় করেছেন জেরেমি অ্যালেন হোয়াইট, মাইকি ম্যাডিসন ও জেরেমি স্ট্রং। ফেসবুকের হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেন ও সাংবাদিক জেফ হরউইটজের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভেতরের নানা দিক তুলে ধরা হবে এই ছবিতে। এরপর ১৬ অক্টোবর মুক্তি পাবে ভিডিও গেম ভিত্তিক সিনেমা 'স্ট্রিট ফাইটার'। এতে রিউ চরিত্রে অ্যান্ড্রু কোজি, কেন চরিত্রে নোয়া সেন্টিনিও, চুন-লি চরিত্রে কালিনা লিয়াং ও ব্লাঙ্কার ভূমিকায় জেসন মোমোয়া অভিনয় করেছেন। ১৯৯৩ সালের পটভূমিতে তৈরি এই গল্পে রিউ ও কেন একটি বিশাল ষড়ষন্ত্রে জড়িয়ে পড়ে।
ওয়ার্নার ব্রাদার্সের সূচি অনুযায়ী ২৩ অক্টোবর মুক্তি পাবে ডিসির চরিত্র নিয়ে নির্মিত সিনেমা 'ক্লেফেস'। এরপর ৬ নভেম্বর মুক্তি পাবে নীতীশ তিওয়ারি পরিচালিত ভারতীয় সিনেমার অন্যতম বড় আয়োজন 'রামায়ণ: পার্ট ওয়ান'। রণবীর কাপুর রামের চরিত্রে, সাই পল্লবী সীতার ভূমিকায় এবং যশ রাবণের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সানি দেওল থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, আর সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।
২০ নভেম্বর মুক্তি পাবে হাঙ্গার গেমস সিরিজের ষষ্ঠ সিনেমা 'দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিয়াপিং'। ক্যাটনিস এভারডিনের গল্পের ২৪ বছর আগের এই পর্বে উঠে আসবে তরুণ হেমিচ অ্যাবারনেথির গল্প। সবশেষে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে মার্ভেলের 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, পেড্রো প্যাসকেল, ভেনেসা কারবি, অ্যান্থনি ম্যাকি ও ফ্লোরেন্স পিউ অভিনীত এই ছবিতে রবার্ট ডাউনি জুনিয়র ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন।

