দীর্ঘদিন বড়পর্দায় অনিয়মিত থাকার পর অভিনয়ে আবারও নতুন ব্যস্ততা নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। নির্মাতা এম ডি ইকবালের নতুন সিনেমা 'গুলশানের চামেলী'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাপ্পারাজের চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাইছেন না নির্মাতা। এম ডি ইকবাল বলেন, 'চরিত্রটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। তবে গল্প এবং চরিত্র দুটোই বাপ্পারাজের পছন্দ হয়েছে এবং তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।' পরিচালক আরও জানান, সিনেমাটির গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হচ্ছে এবং বাপ্পারাজের চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিনেমাটিতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ আরও অনেকে।
চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে প্রি-প্রোডাকশনের অংশ হিসেবে শিল্পী নির্বাচন, আলোচনা ও লোকেশন নির্বাচনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা বাপ্পারাজ পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত রেখেছেন।

