সফল জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ভূয়সী প্রশংসা করেছেন। আসিফ মনে করেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কাছে চিরকাল ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন এবং তার জীবন সংগ্রাম নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে আসিফ আকবর লেখেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই ঐতিহাসিক বিজয়ের পেছনে থাকা ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত বীর যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই গণঅভ্যুত্থানকে অত্যাচারী, খুনি, লুটেরা ও দেশদ্রোহী ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত মুক্তি হিসেবে উল্লেখ করেন এই কণ্ঠশিল্পী। তার মতে, বাংলাদেশ আজ এক বর্বর ও পলাতক ফ্যাসিস্টের কবল থেকে রাজনৈতিকভাবে মুক্ত ও স্বাধীন।
পোস্টে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা স্মরণ করে আসিফ লেখেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন নেত্রী বলেছিলেন, "ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।" দেশের স্বাধীনতা ও sovereignty বা সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার সেই ইস্পাত-কঠিন দৃঢ়তা আজ বর্তমান 'জেন-জি' বা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়েছে। নেত্রীর আরেকটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে আসিফ লেখেন, "দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার ঠিকানা।" এই মাটিতেই শায়িত হওয়া বেগম জিয়ার জানাজায় লাখো মানুষের আবেগ বিস্ফোরিত হয়েছিল এবং তিনি বিদায় নিয়েছেন এক গর্বিত বিজয়ীর বেশে।
আসিফ তার পোস্টের শেষে লিখেছেন, দেশের তরুণ সমাজ বেগম জিয়ার আপসহীনতাকে নিজেদের অন্তরে ধারণ করেছে। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ আর কোনোদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে না এবং আপামর জনতার হৃদয়ে বেগম জিয়া অনন্তকাল ধরে বিদ্রোহের অগ্নিমশাল হয়ে জ্বলবেন। প্রিয় নেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসিফ বলেন, তার কাছ থেকে শেখা দেশপ্রেম তিনি কোনোদিন ভুলবেন না।

