‘কিং’-এ গাইছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর মুক্তির দিন গুনছেন ভক্তরা। মঙ্গলবার সিনেমাটি মুক্তির ১০০ দিন বাকি থাকা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি সিনেমাটিতে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান থাকার ইঙ্গিত দিয়েছেন।

এক ভক্ত শাহরুখকে সিনেমাটির একটি গান প্রকাশের অনুরোধ করলে তিনি জানান, অরিজিৎ সিং এখনো গানের শেষ কাজ করছেন। অরিজিৎ তার কাজে নিখুঁত হতে পছন্দ করেন, তাই গানটি চূড়ান্ত করতে কিছুটা সময় নিচ্ছেন বলে জানান শাহরুখ।

সিনেমার মুক্তির তারিখ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন শাহরুখ। ডিসেম্বরে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির প্রেক্ষিতে ‘কিং’-এর তারিখ পরিবর্তনের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বক্স অফিসের প্রতিযোগিতা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। তিনি অন্যদের রুটির টুকরোর সঙ্গে তুলনা করে নিজেকে মাঝখানের সুস্বাদু ‘টিক্কি’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া নিজের প্রিয় সুগন্ধি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি সফলতার সুগন্ধির কথা উল্লেখ করেন।

‘কিং’ সিনেমায় প্রথমবারের মতো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে সহশিল্পী হিসেবে দেখা যাবে। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এই সিনেমার প্রথম ঝলক গত বছরের নভেম্বরে শাহরুখের ৬০তম জন্মদিনে প্রকাশিত হয়। ঝলকে শাহরুখকে একজন সাবেক গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে, যার অতীত অত্যন্ত অন্ধকার ও নির্মম। সিনেমাটিতে এক রহস্যময় আবহের ইঙ্গিত পাওয়া গেছে।