আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত শিল্পকলা একাডেমিতে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কিংবদন্তি সংগীতশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক সুফি ও লোকসংগীতের সন্ধ্যার আয়োজন করা হয়, যা সবার জন্য উন্মুক্ত ছিল। কালজয়ী এই শিল্পীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজন ও বিপুলসংখ্যক সংগীতপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সংগীতশিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই সংগীতশিল্পী রেজাউল করিম লিমন পরিবেশন করেন ‘প্রাণ সখীরে, ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে’ এবং ‘পরের অধীনে কইরাছে আমায়’ গান দুটি। এর পর নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী রাহাত আরা গীতি।

পরবর্তী পরিবেশনায় শিল্পী নোশীন লায়লা গেয়ে শোনান ‘সে যেন কি করলোরে আমায়’ এবং ‘আমায় এত রাত কেন ডাক দিলি প্রাণ কোকিলারে’। শিল্পী সালাউদ্দিন আহমদ পরিবেশন করেন জনপ্রিয় দুই গান ‘ভুলে যেও ভুলে যেও’ ও ‘কুঁচবরণ কন্যারে তোর মেঘবরণ কেশ’। আব্বাসউদ্দীন আহমদের অন্যতম জনপ্রিয় কালজয়ী লোকসংগীত ‘ওকি গাড়িয়াল ভাই’ পরিবেশন করেন অধ্যাপক ড. নাশিদ কামাল।

সাংস্কৃতিক পর্বের শেষভাগে আব্বাসউদ্দীন সংগীত একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এবং ‘বাওকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’। তাদের সুরের মূর্ছনায় এ উৎসবমুখর আয়োজনের সমাপনী ঘটে।