টানা দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শিক্ষার্থীদের জন্য এই ছুটি বেশ দীর্ঘ ছিল। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটির সমন্বয়ে গত ১৮ অক্টোবর থেকে স্কুল ও মাদরাসাগুলোতে পাঠদান বন্ধ ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। পরবর্তীতে ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরও দীর্ঘায়িত হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটির সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ছুটির মেয়াদ আরও কিছুটা বেশি। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ নভেম্বর রোববার থেকে কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।

