বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শহিদ ফেলানী হলের শিক্ষার্থীদের পড়াশোনার উন্নত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নতুনভাবে সাজানো শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে হলের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
উদ্বোধন পরবর্তী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে প্রশাসনের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শহিদ ফেলানী হলের বিভিন্ন সমস্যা ধারাবাহিকভাবে সমাধান করা হচ্ছে। গরমের তীব্রতা কিংবা পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষার্থীরা যেন কোনো প্রকার বাধা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী আয়োজনে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং শহিদ ফেলানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোছা. সিফাত রুমানা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে হলের সহকারী প্রভোস্টবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

