বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন। এই সুবিধা পাওয়ার জন্য আলাদা কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন পড়বে না। বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
সচিব আবদুল খালেক স্পষ্ট করেছেন যে, সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে নতুন করে আলাদা কোনো প্রজ্ঞাপন ছাড়াই তারা নতুন পে-স্কেলের সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের অন্যান্য সমস্যা সমাধানের বিষয়েও কথা বলেন সচিব। তিনি জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার দীর্ঘদিনের জটিলতা নিরসনে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আগে অবসর ভাতার অর্থ পেতে শিক্ষক-কর্মচারীদের বছরের পর বছর ঘুরতে হতো, তবে বর্তমান দায়িত্ব নেওয়ার পর সেই জটিলতা সমাধানের কাজ শুরু হয়েছে। এছাড়া জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের স্থায়ী করার প্রক্রিয়া এবং তাদের বদলির ব্যবস্থাও অচিরেই গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

