সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালাটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস। নতুন এই নিয়মে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচনের যাবতীয় কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করবে। লটারির স্বচ্ছতা নিশ্চিত করতে ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে তা দুটি বিদ্যালয় হিসেবে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে শিক্ষার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে, যাতে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সম্পন্ন করা যায়।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে, যার সময়সীমা ১ ঘণ্টা। এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের, যার সময়সীমা ২ ঘণ্টা। এই পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকা প্রস্তুত রাখতে হবে এবং নির্ধারিত সময়ে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে।