শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা টানা ১০ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন এবং নিজস্ব ছুটির তালিকা অনুযায়ী এই সময়সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই ছুটির ব্যাপ্তি আরও বেড়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার সূচি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা আরও দীর্ঘ সময় ছুটি কাটাতে পারবেন।

সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসার ক্ষেত্রে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ফলে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির সময়সূচিতে পার্থক্য থাকছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছুটির সময়সূচি নির্ধারিত হবে, ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির মেয়াদে পার্থক্য থাকতে পারে।