আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য শেখ শরীফুল আলম

আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে আনা হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

ক্যাম্পাস ছাড়ার ঠিক আগে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে আর চুয়েটে ফিরে না আসার কঠোর শর্ত দেন। প্রশাসনিক ভবনের নিচে মাইক হাতে এক শিক্ষার্থী এই শর্তের কথা ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে লক্ষ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে উদ্ধার করতে ক্যাম্পাসে আসেন। জেলা প্রশাসক জানান, উপাচার্য নিজের নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার প্রয়োজনের কথা জানিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হবে বলেও জানানো হয়, তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্য শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি জোরদার করেন এবং প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তিনি বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই চুয়েটে অচলাবস্থা বিরাজ করছে। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।