বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশে তাদের ব্যবসার পরিধি ও বিনিয়োগ বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন এই আগ্রহের কথা জানান। তিনি উল্লেখ করেন যে, ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে।
বৈঠকে স্টিফেন কার্পিন জানান, ভিসা বাংলাদেশে এমন সব গ্রাহকদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে চায়, যারা এখনো কার্ড ব্যবহারের সুযোগ পাননি। এ লক্ষ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থাকে অধিকতর নিরাপদ, সহজ ও গতিশীল করার বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করতে আগ্রহী।
জনসাধারণের দৈনন্দিন লেনদেন সহজ করার লক্ষ্যে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ সরকারি বিভিন্ন জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ডের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজ উপায়ে দেশে আনার লক্ষ্যে কার্যকর ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল অর্থনীতি ও বিনিয়োগ বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতাকে স্বাগত জানিয়ে বেসরকারি খাতের অংশীদারিত্বের ওপর জোর দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

