রেস্তোরাঁ খাতে চরম সংকট: মালিক সমিতির ৯ দফা দাবি

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধির পাশাপাশি আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় দেশের রেস্তোরাঁ খাত বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে। ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ায় অনেক প্রতিষ্ঠানই টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। শনিবার পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন।

সংগঠনের মহাসচিব ইমরান হাসান লিখিত বক্তব্যে জানান, চাল, ডাল, তেল, মাংস, মাছ, মশলা, শাকসবজি ও ডিমসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, এলপিজি, পানি, পরিবহন ও শ্রম ব্যয়ও বহুগুণ বেড়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করে খাবারের দাম বাড়াতে পারছে না অধিকাংশ রেস্তোরাঁ, কারণ এতে গ্রাহকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে রেস্তোরাঁগুলোর সার্বিক বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

ইমরান হাসান বলেন, রেস্তোরাঁ শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থান সংরক্ষণ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান নীতি ও ব্যয় কাঠামো পুনর্বিবেচনা করা জরুরি। একটি রেস্তোরাঁ পরিচালনার জন্য বর্তমানে একাধিক দপ্তর থেকে ১০ থেকে ১২টি অনুমোদন নিতে হয়, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ব্যবসা পরিচালনা ও কার্যকর তদারকি বাধাগ্রস্ত হচ্ছে। তাই রেস্তোরাঁ খাতকে একটি সমন্বিত কমপ্লায়েন্স ব্যবস্থার আওতায় এনে ওয়ান স্টপ সার্ভিস চালুর জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে ৯ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো: রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মালিকদের দাম সমন্বয়ে জেলা প্রশাসনের অন্যায় হস্তক্ষেপ বন্ধ করা, ভ্যাট আদায়ে সরকারি কর্মকর্তাদের হয়রানি বন্ধ, সম্পূরক শুল্ক ১০ শতাংশ এবং উৎসে কর ২ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা। এছাড়া এলপিজি ও জ্বালানি সংকটের দ্রুত সমাধান এবং লোডশেডিং কমিয়ে আনার দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে বিভিন্ন দপ্তরের অভিযানের নামে মালিকদের হয়রানি ও অহেতুক আর্থিক জরিমানা বন্ধ করা, রেস্তোরাঁ খাতকে শিল্প ঘোষণা করে সুনির্দিষ্ট শিল্প নীতি প্রণয়ন ও সমিতির সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক করা। একই সঙ্গে গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া, ব্যবসায়ীদের বিভিন্ন দলের ট্যাগিং দিয়ে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করে সুস্থ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং এই খাতে শ্রমিকদের প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি শাহ সুলতান খোকন, প্রথম যুগ্ম মহাসচিব মো. ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বিপু উপস্থিত ছিলেন।