আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, আগস্টের ১২তম দিনে অর্থাৎ বুধবার দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের একই সময়ের (আগস্টের প্রথম ১২ দিন) তুলনায় চলতি বছরের এই সময়ে প্রবাসী আয় ৪২ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের আগস্টের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরের শুরু থেকে ১২ আগস্ট পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় ২৩ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।