১ হাজার কোটির বেশি ঋণখেলাপিদের ১৫ বছরে শোধের বিশেষ সুযোগ

বাংলাদেশ ব্যাংক ১ হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণখেলাপিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এসব গ্রাহক এখন দুই বছরের গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে বিরতিসহ মোট ১৫ বছর মেয়াদে তাদের ঋণ পুনঃতফসিল বা নবায়ন করার সুযোগ পাবেন। তবে ১ হাজার কোটি টাকার কম অঙ্কের খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধার আওতায় পড়বেন না।

এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য আগ্রহী ঋণগ্রহীতাদের আগামী সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন জমা দিতে হবে। এরপর ব্যাংকগুলোকে ডিসেম্বরের মধ্যে সব আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বে যারা বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় সুবিধা গ্রহণ করেছেন, তারাও নতুন করে এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। তবে আগে যারা বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃতফসিল করেছিলেন, তাদের সেই সময়কাল হিসাব থেকে বাদ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে কলকারখানাগুলোর উৎপাদন সচল রাখতেই পুনরায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে চলমান গ্যাস ও বিদ্যুৎ–সংকটের কারণে উৎপাদন খাত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর ঋণ ‘খারাপ’ বা খেলাপি হয়ে পড়েছে। মূলত তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতেই বড় অঙ্কের ঋণখেলাপিদের জন্য এই বাড়তি সুবিধা রাখা হয়েছে।

এর আগে ২০২৫ সালে ঋণখেলাপিদের জন্য অনুরূপ একটি সুবিধা দেওয়া হয়েছিল। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাংকার ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান খেলাপি ঋণের স্থিতির ওপর কমপক্ষে ২ শতাংশ নগদে অর্থ জমা দিয়ে ঋণ নিয়মিত করা যাবে। তখন দুই বছরের গ্রেস পিরিয়ডসহ পরিশোধের জন্য ১০ বছর সময় দেওয়া হয়েছিল। তবে যারা এর আগে তিন বা তার বেশিবার ঋণ পুনঃতফসিল করেছিলেন, তাদের অতিরিক্ত ১ শতাংশ অর্থ জমা দিতে হতো। বর্তমান প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ক্ষতির পরিমাণ এবং তাদের প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে যথাযথভাবে বিবেচনা করেই যেন ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত নেওয়া হয়।