নিম্ন আয়ের দেশের অর্থনীতিতে সহজ শর্তে ঋণের ওপর জোর আইএমএফের

নিম্ন আয়ের দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যায্য রাজস্বনীতি অনুসরণ এবং সরকারি ব্যয়ের সঠিক অগ্রাধিকার নির্ধারণের ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তির সুবিধা কাজে লাগানো এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। যেসব দেশের ঋণ পুনর্গঠন প্রয়োজন, তাদের ক্ষেত্রে জি-২০-এর কমন ফ্রেমওয়ার্কের আওতায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইএমএফ। সংস্থাটির যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজাকের সঞ্চালনায় আয়োজিত ব্রিফিংয়ে ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এসব কথা বলেন। এ সময় সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের নেতৃত্বের প্রশংসা করে তার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

আইএমএফের ‘ফিউচার অব ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের বিষয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। লেনদেনের স্থিতিশীলতার ঝুঁকির পরিবর্তনশীল প্রকৃতি এবং সংস্কারের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। গ্রিসের সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর ক্রিস্টিনা পাপাকনস্টান্টিনু এআই-সংক্রান্ত সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের চাহিদা অনুযায়ী সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আইএমএফের উপপরিচালক মিকেলা এরবেনোভা জানান, ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, যা মোকাবিলায় সামগ্রিক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক ও ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন।

এদিকে, বিশ্বব্যাংকের স্বল্প আয়ের দেশগুলোর জন্য গঠিত তহবিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) দাতা হিসেবে যুক্ত হয়েছে মঙ্গোলিয়া। দেশটির পার্লামেন্ট আইডিএতে ৪৮০ কোটি মঙ্গোলীয় তুগরিক বা প্রায় ১৩ লাখ মার্কিন ডলার দেওয়ার অনুমোদন দিয়েছে। উন্নয়ন সহায়তা গ্রহণকারী দেশ থেকে দাতা দেশে পরিণত হওয়াকে মঙ্গোলিয়া নিজেদের উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। ১৯৯১ সালে বিশ্বব্যাংকের সদস্য হওয়ার পর থেকে মঙ্গোলিয়া ১৬২ কোটি ডলারের বেশি উন্নয়ন অর্থায়ন পেয়েছে। ২০২০ সালের জুলাইয়ে দেশটি আইডিএর সহায়তা পাওয়ার যোগ্যতা থেকে উত্তরণ ঘটিয়ে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইবিআরডি) আওতাভুক্ত গ্রাহক দেশে পরিণত হয়।

মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী মেন্দসাইখান জাগদজাভ বলেন, আইডিএ২১-এ অবদান রাখা বিশ্বব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের একটি মাইলফলক এবং আন্তর্জাতিক সংহতির প্রতি মঙ্গোলিয়ার অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরও বলেন, আইডিএর সহায়তা পাওয়ার অভিজ্ঞতা থেকে মঙ্গোলিয়া বুঝতে পেরেছে যে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে সহজ শর্তের অর্থায়ন কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট লিসা ফিনেরান মঙ্গোলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, অন্য দেশগুলোর সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে দেশটির এই অঙ্গীকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইডিএ হলো বিশ্বের ৭৮টি স্বল্প আয়ের দেশের জন্য গঠিত একটি তহবিল, যা থেকে অনুদান ও সহজ শর্তে ঋণ দেওয়া হয়।