ঢাকায় সরবরাহ করা মাছের একটি বড় অংশের উৎস ময়মনসিংহ। ত্রিশালের ব্যবসায়ী আলী হোসেন গত ১৫ বছর ধরে সেখান থেকে মাছ ঢাকায় এনে পাইকারি বাজারে বিক্রি করছেন। তিনি জানান, পানিভর্তি ড্রামে ট্রাকে করে প্রায় ৪০ মণের মতো মাছ আনা সম্ভব। গত রোববার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় ট্রাকভাড়া বেড়েছে দুই হাজার টাকা। হিসাব অনুযায়ী, এতে কেজিতে দেড় টাকার কম বাড়তি ভাড়া যোগ হওয়ার কথা। কিন্তু ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও আগারগাঁও তালতলা বাজারে চাষের মাছের দাম আগের চেয়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে। কৃষি মার্কেটের মাছ বিক্রেতা চয়ন চন্দ্র দাস জানান, মিরপুর ৬ নম্বর বাজার থেকে ছোট ট্রাকে মাছ আনতে ভাড়া ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে। পাইকারি বিক্রেতারাও দাম বাড়িয়ে দিয়েছেন, যার সামগ্রিক প্রভাব পড়েছে বাজারে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর খেত থেকে পণ্য পাইকারি বাজারে নেওয়া এবং সেখান থেকে খুচরা বাজারে পৌঁছানোর খরচ বেড়েছে। বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি পর্যায়ে খরচ যতটুকু বৃদ্ধির কথা ছিল, তার চেয়ে বেশি দাম বেড়েছে। ২০২২ সাল থেকেই বাজার চড়া থাকায় সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে চরম সংকটে রয়েছেন। অর্থনীতিবিদদের মতে, টানা কয়েক বছর উচ্চ মূল্যস্ফীতি চললে দারিদ্র্যসীমার ঠিক ওপরে থাকা মানুষেরা পুনরায় দরিদ্র হয়ে পড়েন।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অভাবে মানুষ এখন ফুটপাতে দোকান দেওয়া বা ব্যাটারিচালিত রিকশা চালানোর মতো অনানুষ্ঠানিক উপায়ে টিকে থাকার চেষ্টা করছে। তরুণদের একাংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তিনি জানান, যানজটে থাকাকালীন তার সামনেই ছিনতাইকারী মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করছিল। তিনি আরও বলেন, এত দীর্ঘ সময় ধরে মানুষ এমন উচ্চ মূল্যস্ফীতির কবলে পড়েনি। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও তেলের দামের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে। বিশ্ববাজারে চড়া দাম এবং দেশীয় নানা কারণে ২০০৭–২০০৮ সালের দিকে দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের আমলের শুরুর দিকে দাম চড়া ছিল। তবে দ্রুতই বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম পড়ে যেতে শুরু করে। এর সুফল পায় তৎকালীন সরকার। ২০২০ সালে করোনা মহামারির আগপর্যন্ত দেশে মূল্যস্ফীতি নিয়ে বড় কোনো চিন্তা ছিল না। করোনার শুরুর দিকে আতঙ্কের কেনাকাটার কারণে দাম বেড়ে যায়। আসল সংকট শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর। বিশ্ববাজারে সরবরাহ সংকট শুরু হয়, জ্বালানি ও খাদ্যের দাম বাড়ে। তখন ডলারের দাম বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। কমতে থাকে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। মূল্যস্ফীতি হয় লাগামহীন। আওয়ামী লীগ সরকার তখন ঠিকভাবে সামলাতে পারেনি। বরং দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া, অর্থ পাচার, দুর্নীতি ইত্যাদি কারণে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়।
ডিমের মতোই চড়া ব্রয়লার মুরগির দাম। কেজিপ্রতি ১৮০–২০০ টাকা। গরুর মাংস নিম্ন আয়ের মানুষের নাগালছাড়া অনেক আগে থেকেই। কেজিপ্রতি দর ৭৮০–৮৫০ টাকা। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পরিবারে আমিষের একটি বড় উৎস ডিম। রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা রওশন আরার পরিবারে প্রতি সকালে অন্তত ৬টি ডিম লাগে। মাঝেমধ্যে দুপুর ও রাতেও তিনি ডিম রান্না করেন। তিনি জানান, মাসে গড়ে ২৫০টি ডিম কিনতে হয় তাঁকে। ২০২২ সালের আগে বছরজুড়ে ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন ৯০–১২০ টাকার মধ্যে থাকত। এখন তা ১২০ থেকে ১৬০ টাকার মধ্যে ওঠানামা করে। গতকাল ঢাকার তিনটি বাজারে ডিম বিক্রি করতে দেখা যায় ডজনপ্রতি ১৫০ টাকা দরে। রওশন আরা বলছিলেন, ডিমের পেছনেই খরচ অনেক বেড়ে গেছে।
অতীতের সরকারগুলো ডিম, মুরগি ও গরুর মাংসের দাম কমাতে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। নতুন সরকারেরও কার্যকর উদ্যোগ নেই। বিশ্লেষকেরা এই তিন পণ্যের দাম কমাতে চাষিদের সুরক্ষার জন্য উপযুক্ত হারে শুল্ক রেখে আমদানি উন্মুক্ত করা অথবা সীমিত পরিসরে আমদানির সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। তাঁরা বলেছেন, প্রতিযোগিতা না থাকলে উচ্চ মূল্য নেওয়ার সুযোগ তৈরি হয়। কোনো সরকারই এতে কান দেয়নি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রথম আলোকে বলেন, ‘ডিমের দাম একটু বাড়তি। সব সময়ই এটা ডজনে ৫ থেকে ১০ টাকা ওঠানামা করে। পোলট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে এ নিয়ে আমরা বসেছিলাম। কারণ অনুসন্ধানের জন্য আবার বসব।’ তিনি বলেন, ‘গরুর মাংসের দাম বৃদ্ধিও আমাদের নজরে এসেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে শিগগির আলোচনায় বসব। কাজ করছি, আশা করি একটা সমাধান আসবে।’
গরুর মাংস, মুরগির মাংস ও ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য কী উদ্যোগ নিয়েছেন জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান ২২ সেপ্টেম্বর প্রথম আলোকে বলেন, খাদ্যের দাম কমানোর জন্য গত সপ্তাহে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যের দাম কমলে উৎপাদন খরচ কমবে। উৎপাদন খরচ কমলে সবকিছুর দাম নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন, শুধু ডিমের কথা আসে কেন; ফলের দাম বাড়েনি, চালের দাম বাড়েনি, তেলের দাম বাড়েনি? কৃষক ও চাষিদের কথা চিন্তা করতে হবে। বাজারে প্রতিযোগিতা তৈরির পরামর্শকে মহাপরিচালক ‘শিল্পকে ধ্বংস করার’ চিন্তা বলে উল্লেখ করেন। অবশ্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) ২০২৪ সালের একটি সমীক্ষা বলছে, এক দিন বয়সী মুরগির বাচ্চা, মুরগির খাবার ও ডিমের দাম ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে বেশি। এর কারণ, আমদানি একেবারেই নিয়ন্ত্রিত রেখে ‘অতিমাত্রায়’ সুরক্ষা প্রদান। অতিমাত্রায় সুরক্ষার জন্য প্রান্তিক খামারির কথা বলা হলেও এর সুফল পায় মূলত বড় করপোরেটরা। তাদের কাছ থেকে নীতিনির্ধারকেরা সুবিধা নেন বলেও অভিযোগ রয়েছে।
সরবরাহ যথেষ্ট থাকলে যে বাজারে কারসাজি করা যায় না, তার উদাহরণ পেঁয়াজ ও আলু। মৌসুমের শেষ দিকে এসেও পেঁয়াজের কেজি এখন ৫০ টাকার আশপাশে। আমদানিও খুব একটা প্রয়োজন হচ্ছে না। অন্যদিকে আলুর দর কেজিপ্রতি মাত্র ২৫–৩০ টাকা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দর ১ হাজার ৫৮৫ টাকা। ঢাকায় তা বিক্রি হয় ২ হাজার টাকার আশপাশের দরে। মাসের পর মাস ধরে এই অনিয়ম চললেও সরকারি সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। গ্রামে সরকার নির্ধারিত দরের কিছু বেশি দামে এলপিজি পাওয়া যায়। বাজারে চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দামও চড়া। ঢাকার কেন্দ্রে চারজনের একটি পরিবারের মাসিক খাবার খরচ এখন ২৬ হাজার ৮৮৪ টাকা। বাড়িভাড়াসহ অন্যান্য খরচও যুক্ত হবে। কিন্তু দেশের শীর্ষ রপ্তানি খাত পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ঢাকায় ভাতাসহ ৩৬ হাজার টাকার কিছু বেশি। মোহাম্মদপুরের শেখেরটেকে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন আনসার হোসেন। বয়স ষাটের বেশি। তিনি বেতন পান ১৫ হাজার টাকা। স্ত্রী ঠিকা গৃহকর্মীর কাজ করে আরও হাজার পাঁচেক টাকা আয় করেন। জানতে চাইলে আনসার হোসেন প্রথম আলোকে বলেন, খুব হিসাব করে চলেও মাস শেষে হাত পাততে হয়। তিনি বলেন, ‘এসব কথা কইয়া কী লাভ হইব। আমগো কথা তো কেউ শোনে না। দামও কমবো না।’
রওশন আরা বলছিলেন, ডিমের পেছনেই খরচ অনেক বেড়ে গেছে।.অবশ্য তত দিনে ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে ১১৮ টাকা হয়ে গেছে।
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ঢাকায় ভাতাসহ ৩৬ হাজার টাকার কিছু বেশি।উল্লেখ্য, চারজনের পরিবারের ব্যয়টি হিসাব করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৯ সালের নগর আর্থসামাজিক অবস্থা নিরূপণ জরিপে উল্লিখিত পণ্যের চাহিদা এবং টিসিবির বর্তমান বাজারদর ধরে।বিশ্লেষকেরা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও অনানুষ্ঠানিক ও বেসরকারি খাতের বহু মানুষ বিপাকে রয়েছেন।

