ডিম ও মুরগির দাম কমেনি, মাছের বাজারও চড়া

রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিম ও ব্রয়লার মুরগির চড়া দাম এক মাসের বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ আগস্টের শুরুর আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০-১৮০ টাকা এবং ডিমের ডজন ছিল ১৩০-১৪০ টাকা। আগস্টের প্রথম দিকে এই দুটি পণ্যের দাম বাড়ার পর আর কমেনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা গেছে।

দীর্ঘদিন ধরে ডিম ও মুরগির দাম না কমায় সাধারণ ক্রেতারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাজমহল রোডের বাসিন্দা তাজুল ইসলাম জানান, কম আয়ের কারণে মাংসের মধ্যে মূলত মুরগিই কেনা হতো তাদের পরিবারে, কিন্তু সেটির দামও এখন নাগালের বাইরে চলে গেছে। বিক্রেতাদের মতে, গত ৫-৬ মাসের মধ্যে বন্যা, অতিবৃষ্টি ও তীব্র গরমের কারণে অনেক খামারে ডিম পাড়া মুরগিসহ ব্রয়লার মুরগি মারা গেছে। লোকসানের মুখে অনেক খামারি নতুন করে মুরগি পালন শুরু করেননি। এর সঙ্গে সাম্প্রতিক লোডশেডিংয়ের কারণেও খামারে মুরগি উৎপাদন কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে।

এদিকে বাজারে সোনালি মুরগির দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ৩০ টাকার মতো বেড়েছে। গতকাল প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০-৩৬০ টাকায়। তবে হাইব্রিড সোনালি বা কালারবার্ড মুরগির দাম কিছুটা কম, যা কেজিপ্রতি ৩০০-৩৩০ টাকায় কেনা যাচ্ছে।

মাছের বাজারেও একই ধরনের চড়া ভাব লক্ষ্য করা গেছে। রুই, কাতলা, পাবদা, তেলাপিয়া ও পাঙাশ মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বাজারে আকারভেদে প্রতি কেজি চাষের পাঙাশ ২৫০-৩০০ টাকা এবং তেলাপিয়া ২৫০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আড়াই-তিন কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৪০০ টাকা এবং কাতলা মাছ ৪২০ টাকা দরে বিক্রি করেছেন বিক্রেতারা।

সবজির বাজারে অবশ্য কিছুটা স্বস্তি রয়েছে। বেশির ভাগ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে বরবটি, বেগুন ও কাঁচা মরিচের দাম এখনো প্রতি কেজি ১০০ টাকার ওপরে রয়েছে।

অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে গত ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে। ফলে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে। এছাড়া মাসখানেক আগে খোলা চিনির কেজি ১০৫-১১০ টাকা থাকলেও গতকাল বাজারে তা ১১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর প্যাকেটজাত চিনির কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বাজারে সুগন্ধি বা পোলাও চালের দাম এখনো প্রতি কেজি ২০০ টাকার কাছাকাছি রয়েছে। দেশের বাজারে সরবরাহ সংকট দূর করতে গত মঙ্গলবার সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমানোর প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে পাইকারি ও খুচরা বিক্রেতারা দাবি করেছিলেন, রপ্তানির সুযোগ থাকার কারণে দেশের বাজারে সুগন্ধি চালের ঘাটতি তৈরি হয়ে দাম বাড়ছে।