বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে একটি যৌথ বিটুবি (বিজনেস-টু-বিজনেস) টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার শুল্ক ও অশুল্ক বাধা দূর করার পাশাপাশি বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।
গত রোববার রাজধানীর গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ভারতের ডেপুটি হাইকমিশনার এই আগ্রহের কথা জানান। বৈঠকে তিনি বলেন, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াটিকে দ্রুত এগিয়ে নিতে তাঁর দপ্তর দুই দেশের সরকারের সঙ্গেই নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগকে সফল করতে তিনি এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে দুই দেশের ভ্রমণকারীদের জন্য সুখবর দিয়ে পাওয়ানকুমার তুলশিদাস বাধে জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের visa প্রক্রিয়া সহজ করা হয়েছে। ভারতীয় হাইকমিশন থেকে প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে একটি যৌথ টাস্কফোর্স গঠন অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

