শেয়ারবাজারে সিএক্সএমটির চমক: প্রথম দিনেই দাম বাড়ল ৪৭০ শতাংশ

চীনের শীর্ষস্থানীয় মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএক্সএমটি সাংহাই স্টক এক্সচেঞ্জের স্টার মার্কেটে তাদের শেয়ার লেনদেনের প্রথম দিনেই অভাবনীয় সাফল্য পেয়েছে। শুক্রবার লেনদেন শুরুর পর কোম্পানিটির শেয়ারের দাম ৪৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। এই ব্যাপক উত্থানের ফলে সিএক্সএমটির মোট বাজার মূলধন প্রায় ৪ হাজার ৮৭৩ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা কোম্পানিটিকে চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজারে তালিকাভুক্ত সবচেয়ে দামি প্রতিষ্ঠানে পরিণত করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এবং ঝু ইমিংয়ের নেতৃত্বাধীন এই কোম্পানির প্রধান কার্যালয় পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত। সিএক্সএমটি মূলত ডায়নামিক র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি বা ড্রাম (DRAM) চিপ উৎপাদন করে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ডেটা সেন্টার, স্মার্টফোন, ব্যক্তিগত কম্পিউটার ও ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়। এনভিডিয়ার মতো এআই চিপ জায়ান্টদের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবেও সিএক্সএমটি পরিচিত।

বাজার বিশ্লেষকদের মতে, চিপ খাতে চীনের এই অগ্রগতি সেমিকন্ডাক্টর শিল্পে দেশটির ক্রমবর্ধমান সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের তীব্র প্রতিযোগিতার প্রতিফলন। বর্তমানে বৈশ্বিক ড্রাম চিপের বাজারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রন একক আধিপত্য ধরে রেখেছে, যারা বিশ্বের প্রায় ৯০ শতাংশ চিপ উৎপাদন করে। তবে সিএক্সএমটির এই সফল আইপিও চীনের শেয়ারবাজারের সাম্প্রতিক অস্থিরতা কাটাতে নীতিনির্ধারকদের জন্য একটি বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহে চীনের বাজারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজার মূলধন হারানোর পর এই আইপিও বাজারে কিছুটা স্থিতিশীলতার বার্তা দিচ্ছে।

কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে প্রাপ্ত তহবিলের বড় একটি অংশ তাদের মেমোরি চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং গবেষণা ও উন্নয়ন (R&D) খাতে ব্যয় করা হবে। এদিকে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার বর্তমানে ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং ২০৩০ সালের মধ্যে এটি দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রযুক্তির সরবরাহব্যবস্থা নিয়ন্ত্রণই মূলত আগামী দিনের বিশ্ব পরাশক্তি হওয়ার চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে রয়েছে।

এই তিন কোম্পানি মিলে বিশ্বের প্রায় ৯০ শতাংশ ড্রাম চিপ উৎপাদন করে।চলতি মাসের শুরুতে এসকে হাইনিক্স নিউইয়র্কে শেয়ার বিক্রির মাধ্যমে ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করে।

তারা জানিয়েছে, ১৭ কোটি ৭৯ লাখ আমেরিকান ডিপোজিটারি শেয়ার প্রতিটি ১৪৯ মার্কিন ডলার দরে বিক্রি হয়েছে।নাসডাকে লেনদেনের প্রথম দিন শুক্রবার এসকে হাইনিক্সের শেয়ারের দাম একপর্যায়ে ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল।