১০০ ইলেকট্রিক বাস কিনতে ৪০০ কোটি টাকা চেয়েছে বিআরটিসি

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০০টি বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেবের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সম্প্রতি এই প্রস্তাবটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে।

বিআরটিসি জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী মহানগর ও প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারের নির্বাচনী ইশতেহারে আধুনিক, দক্ষ ও সবুজ পরিবহন করিডোর তৈরি এবং কার্বন নিঃসরণ কমানোর যে প্রতিশ্রুতি রয়েছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন। বিআরটিসির ভাষ্যমতে, ইলেকট্রিক বাস চালু হলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বায়ুদূষণ কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। পরিকল্পনা অনুযায়ী, এসব বাস ঢাকার গুরুত্বপূর্ণ রুট ছাড়াও বিভাগীয় শহরগুলোর আন্তঃনগর রুটে চলাচল করবে।

এর আগেও একই প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল, তবে তখন অর্থ বিভাগ উন্নয়ন প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছিল। বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান আর্থিক সক্ষমতায় নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। এছাড়া ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানের ওপর বাড়তি সুদের বোঝা তৈরি হবে। এই বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেট থেকে ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি হিসেবে বরাদ্দ দেওয়ার জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবিত ৪০০ কোটি টাকার ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে ১০০টি বাস কেনার জন্য ২৫০ কোটি টাকা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপনে ৫০ কোটি টাকা, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টসের জন্য ৩৫ কোটি টাকা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার জন্য ২০ কোটি টাকা, পরিবহন ও নিবন্ধনসহ অন্যান্য খাতে ২৫ কোটি টাকা এবং ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনা উন্নয়ন ও মেরামতে ২০ কোটি টাকা। বিআরটিসির আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং যাত্রীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।