আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সভার শুরুতে ব্যাংকের বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। এতে ব্যাংকের কার্যক্রমকে গতিশীল ও প্রযুক্তিগতভাবে উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা উত্তরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়িয়ে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ তৈরির আহ্বান জানান।
সভায় ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনার বিষয় উঠে আসে। এর মধ্যে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, দক্ষ কর্মীর সর্বোচ্চ ব্যবহার, পরিশোধিত মূলধন বৃদ্ধি, প্রবিধানমালা আধুনিকায়ন এবং সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের কারণ নিরূপণ, ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২৯ সালের মধ্যে এইচআর অটোমেশন বা ইআরপি বাস্তবায়নের মাধ্যমে সেবা কার্যক্রম স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মো. সাঈদ কুতুব; আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটিকে একটি আধুনিক ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, যা আনসার-ভিডিপি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

