কালীগঞ্জে তারেক মনোয়ার ও ইসমাইলকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ, দোকানির অজ্ঞাতেও বিকাশ এজেন্ট সিম ব্যবহারের অভিযোগ
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাবুরহাট এলাকায় অনলাইন জুয়া ও কথিত ক্যাসিনো কার্যক্রমে ব্যবহারের জন্য বিভিন্ন সিম সরবরাহের অভিযোগ উঠেছে তারেক মনোয়ার ও ইসমাইল হোসেন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, অনলাইন জুয়া পরিচালনাকারীরা নিজেদের পরিচয়ে সিম ব্যবহার না করে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে বিভিন্ন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম পরিচালনা করে থাকে। আর এসব সিম সংগ্রহ ও সরবরাহের কাজে তারেক মনোয়ার ও ইসমাইল হোসেন জড়িত বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, কালীগঞ্জ রেলস্টেশন প্ল্যাটফর্মসংলগ্ন ‘মিফতা উল জান্নাত কসমেটিক্স’ নামের একটি দোকানের সঙ্গে সংশ্লিষ্ট একটি এজেন্ট সিম দীর্ঘ ৭ থেকে ৮ মাস ধরে দোকান মালিকের অজ্ঞাতসারে ব্যবহার করা হয়েছে। ওই সিম ব্যবহার করে অনলাইন জুয়া সংক্রান্ত কার্যক্রম ও লেনদেন পরিচালনার অভিযোগও রয়েছে।
দোকান মালিকের অজ্ঞাতসারে তার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সিম কীভাবে অন্যের হাতে গেল, কে সেটি ব্যবহার করেছে এবং এর মাধ্যমে কী ধরনের যোগাযোগ ও আর্থিক লেনদেন হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনায় মোবাইল নম্বর, বিভিন্ন ডিজিটাল অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের মাধ্যম ব্যবহারের অভিযোগ রয়েছে। নিজেদের পরিচয় আড়াল করতে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করা হলে প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এ ধরনের ব্যবস্থার সুযোগ নিয়ে অনলাইন জুয়ার একটি চক্র সক্রিয় থাকলে শুধু জুয়ায় অংশগ্রহণকারীরাই নয়, তাদের সহযোগী হিসেবে কাজ করা ব্যক্তিদের ভূমিকাও তদন্তের আওতায় আসা প্রয়োজন।
অনলাইন জুয়ার সহজলভ্যতা নিয়ে সচেতন মহলে উদ্বেগ বাড়ছে। মোবাইল ফোন হাতে থাকা কিশোর-তরুণদের একটি অংশ খুব সহজেই বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ পাচ্ছে।
জুয়ার নেশায় অর্থ হারিয়ে অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন, পরিবারে তৈরি হচ্ছে বিরোধ ও অশান্তি। কোথাও কোথাও অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে প্রতারণা ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।
বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া কোমলমতি শিক্ষার্থী ও যুবসমাজকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
অনলাইন জুয়া ঠেকাতে বাংলাদেশে বর্তমানে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর রয়েছে। আইনের ৫ ধারায় অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সঙ্গে সম্পৃক্ততাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬ ধারায় এ অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
একই আইনের ৬ ধারায় অনলাইন বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ততাকেও অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অপরাধে ১৭ ধারার অধীনে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড বা ৫ কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।
অন্যদিকে ১৩ ধারায় ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট কিংবা অন্যের জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক বা ডিজিটাল পরিচয় ব্যবহার করে জুয়া বা বেটিং কার্যক্রম পরিচালনাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর শাস্তি হিসেবে ২৪ ধারায় সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সংঘবদ্ধভাবে বা অর্থপাচারের উদ্দেশ্যে এমন অপরাধ হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা ৫ কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।
এ ছাড়া জুয়ার অর্থ ব্যাংক, এমএফএস, ডিজিটাল ওয়ালেট, হাওলা, হুন্ডি কিংবা অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে লেনদেন, স্থানান্তর বা গোপন করার বিষয়টিও আইনে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সচেতন মহলের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সিমগুলোর নিবন্ধন তথ্য, ব্যবহারকারীর পরিচয়, বায়োমেট্রিক তথ্য, কল ডিটেইল রেকর্ড এবং সংশ্লিষ্ট ডিজিটাল ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি জড়িতদের পাশাপাশি জেনে-শুনে জুয়ার কার্যক্রমে ব্যবহারের জন্য সিম বা পরিচয় সরবরাহকারী ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
তবে তারেক মনোয়ার ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
অনলাইন জুয়ার একটি বড় চক্রের নেপথ্যে স্থানীয়ভাবে সিম সরবরাহের মতো সহায়ক কার্যক্রম চলছে কি না, সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে স্পষ্ট হতে পারে।

