পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ এআই ও ডিপফেক প্রযুক্তি: আইজিপি

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তিগুলো একদিকে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, অপরাধীরা বর্তমানে প্রযুক্তির অপব্যবহার করে অনলাইন আর্থিক অপরাধ, সাইবার প্রতারণা, হ্যাকিং, তথ্য চুরি, ডিজিটাল চাঁদাবাজি এবং অনলাইনে হয়রানির মতো নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আইজিপি বলেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধের এই যুগে পুলিশের কার্যক্রমে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। আধুনিক পুলিশিংয়ের জন্য সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। তিনি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এই কোর্সের মাধ্যমে তারা শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবেন না, বরং প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগের ক্ষেত্রেও দক্ষ হয়ে উঠবেন। প্রশিক্ষণে অর্জিত এই জ্ঞান অন্যান্য তদন্তকারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

আলী হোসেন ফকির আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণার্থীরা কার্যকরভাবে অন্যদের প্রশিক্ষণ দিতে পারলে সাইবার অপরাধ তদন্তে দক্ষ কর্মকর্তার সংখ্যা বহুগুণ বাড়ানো সম্ভব হবে। পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি কাজী ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডিপ্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।