পাবনার ঈশ্বরদী পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকার একটি জুয়েলার্সের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে মাসুদ জুয়েলার্সে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক ক্রেতা সেজে প্রবেশ করে। দোকান মালিক মাহসি ইয়াতিকুর রহমান জানান, ওই যুবক মুখে মাস্ক পরা অবস্থায় ছিল এবং স্বর্ণের মালা কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন গহনা দেখতে চায়।
একপর্যায়ে দোকানদার তাকে দুটি স্বর্ণের মালা দেখালে, মালাগুলো হাতে পাওয়া মাত্রই যুবকটি দোকান থেকে দৌড়ে বের হয়ে যায়। এরপর দোকান থেকে কিছুটা দূরে গিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে সে দ্রুত পালিয়ে যায়। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে আটক করা সম্ভব হয়নি। দোকান মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, খোয়া যাওয়া মালা দুটির প্রতিটির ওজন এক ভরি করে, যার মোট ওজন দুই ভরি এবং বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
দোকান মালিক আরও জানান, যুবকটির মুখে মাস্ক থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরায় তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়েনি। ঘটনার পর ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে ওই যুবককে শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

