পটুয়াখালীর কলাপাড়ায় ১৯ ও ২১ বছর বয়সী দুই তরুণীর একই ঘরে বসবাস এবং স্বামী-স্ত্রীর মতো চলাফেরা করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বাড়িতে ওই গ্রামের এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছিলেন। পরবর্তীতে ময়মনসিংহ থেকে আসা আরেক তরুণীকে তিনি ওই বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়দের দাবি, এরপর থেকেই তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস ও চলাফেরা শুরু করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা নিজেদের ঘরের ভেতর বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তরুণীদের পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তারা ওই ইউপি সদস্যের জিম্মায় রয়েছেন। ইউপি সদস্য কাওসার হাবিব জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পুরো বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

