ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাঠানো ৬০০ আনারস পৌঁছালো ঢাকায়

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার সামগ্রী বাংলাদেশে আসে।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও কর্মকর্তা সজীব চক্রবর্তী। এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাঠানো ৬০০ পিস আনারস একটি পিকআপ ভ্যানে করে মোট ১০০ কার্টনে আনা হয়েছে। ৭৪৮ কেজি ওজনের এই আনারসের চালানটি প্রথমে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা গ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা হাইকমিশনের লোকজন এসব আনারস বুঝে নেন এবং একটি পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে আসা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে এই উপহার পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আম উপহার দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে ত্রিপুরার পক্ষ থেকে এই আনারস উপহার দেওয়া হলো বলে জানিয়েছেন ত্রিপুরার কৃষি বিভাগের সচিব অপূর্ব রায়।