লালপুরে হিন্দু পরিবারকে চাঁদা ও হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় একটি হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় এই হুমকি সংবলিত চিঠিটি ফেলে রেখে যায়।

নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল রাতে চিঠিটি প্রথম লক্ষ্য করেন। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান। চিঠিতে দাবি করা হয়েছে যে, পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পরিশোধ করতে হবে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে, এই বিষয়টি যেন গোপন রাখা হয় এবং একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি যেন অন্যান্য হিন্দু পরিবারের কাছেও পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হবে। এতে একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই এলাকার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ চিঠিটি জব্দ করেছে এবং এর উৎস শনাক্তসহ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।