টাঙ্গাইলে নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে এক নারী সাংবাদিককে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলে হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব। সোমবার (৩১ আগস্ট) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মালেক আদনান এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীম আল মামুন।

হেনস্তার শিকার রুমি আক্তার পলি গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক এবং দৈনিক বাংলাদেশের আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জমা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এসব ঘটনার বিষয়ে গত ২৮ আগস্ট তিনি টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তদন্ত কমিটি গঠনের পূর্বে রুমি আক্তার পলিকে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় ডাকা হয়েছিল। পলি জানান, সভায় অলোক কুমার দাস নামে এক ব্যক্তিকে উপস্থিত করা হয়েছিল। পলি অভিযোগ করেন, অলোক কুমার দাস এর আগেও তাকে অশালীন কথা বলেছেন। এছাড়া নাহার চাকলাদার নামে আরেক নারী সাংবাদিক এবং গ্রীন টেলিভিশনের এক প্রতিনিধির সঙ্গেও অলোক কুমার দাসের একই ধরনের আচরণের অভিযোগ রয়েছে।

পলি জানান, ২৬ আগস্ট সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ঘটনা জানতে চাইলে তিনি অলোক কুমার দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে ধরেন। সে সময় বর্তমান সভাপতি আতাউর রহমান আজাদ এবং সাবেক সভাপতি জাফর আহমেদ অলোক কুমার দাসের অনভিপ্রেত আচরণের বিষয়টি অস্বীকার করেননি। প্রেসক্লাবের সদস্য হওয়ার প্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।