ঝালকাঠি ও নলছিটি পৌরসভার গৃহস্থালি ও বাজারকেন্দ্রিক ময়লা-আবর্জনা নিয়মিত ফেলা হচ্ছে সুগন্ধা নদীর পাড়ে। নদীর তীরে একাধিক স্থানে এভাবে বর্জ্য ফেলার কারণে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সাম্প্রতিক সময়ে ঝালকাঠি শহরের মেঘনা ডিপো সংলগ্ন সুগন্ধা নদীর পাড় এবং নলছিটি পৌর এলাকার কলবাড়ীসহ নদী তীরবর্তী কয়েকটি স্থানে ময়লার বিশাল স্তুপ জমে থাকতে দেখা গেছে। এসব বর্জ্যের মধ্যে রয়েছে গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের উচ্ছিষ্টসহ নানা ধরনের পচনশীল ও অপচনশীল আবর্জনা। পচা বর্জ্যের কারণে চারপাশের আবাসিক এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। তবে সেই বর্জ্য নির্ধারিত কোনো শোধনাগার বা নির্দিষ্ট স্থানে না নিয়ে সোজা নদীর পাড়ে ফেলে দেওয়া হচ্ছে। ফলে বৃষ্টি কিংবা জোয়ারের পানি এলেই এসব ময়লা গলে ও ভেসে নদীর পানিতে মিশে যাচ্ছে।
নলছিটি পৌরসভার বাসিন্দা এইচ এম সিজার ক্ষোভ প্রকাশ করে জানান, পৌরসভার সমস্ত বর্জ্য কলবাড়ী এলাকার সুগন্ধা নদীর পাড়ে ফেলা হচ্ছে। এতে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জোয়ারের সময় ময়লা নদীতে মিশে যাচ্ছে। পরিবেশ রক্ষায় দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা প্রয়োজন। একই ধরনের অভিযোগ তুলে ঝালকাঠি শহরের বাসিন্দা মাহবুব হোসেন সৈকত বলেন, নদীর পাশে নিয়মিত ময়লা ফেলার কারণে সবসময় দুর্গন্ধ সহ্য করতে হয়। বৃষ্টি হলে ময়লা ধুয়ে নদীতে চলে যায়। নদী বাঁচাতে অবিলম্বে এই প্রক্রিয়ায় ময়লা ফেলা বন্ধের দাবি জানান তিনি।
‘সুজন’ ও ‘ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলন’-এর জেলা সেক্রেটারি ইসমাঈল মুসাফির বলেন, ঝালকাঠি ও নলছিটি পৌর এলাকায় প্রতিদিন প্রচুর বর্জ্য তৈরি হয়। কাগজপত্রে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বেশি হলেও বাস্তবে কাজের লোক কম দেখা যায়। দুই পৌরসভার ময়লাই ফেলানো হচ্ছে সুগন্ধা নদীর তীরে। এসব বর্জ্য পচে বিষাক্ত তরল ভূগর্ভস্থ পানিতে প্রবেশ করছে, আবার জোয়ার ও বৃষ্টির পানিতে আশপাশের কৃষিজমি ও নালা-নর্দমায় ছড়িয়ে পড়ছে। অনেক সময় বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা বাতাস দূষিত করছে। সভ্য কোনো দেশে নদীর পাড়ে এভাবে আবর্জনা ফেলা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, পৌরসভার রাজস্ব বাজেটের একটি বড় অংশ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করার নিয়ম রয়েছে। রাতের অন্ধকারে সড়কের পাশে কিংবা নদীর পাড়ে ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্টেশন স্থাপন করা গেলে বর্জ্য পুড়িয়ে ধ্বংস বা রিসাইকেল করে স্থায়ী সমাধান আনা সম্ভব। ঝালকাঠির কুনিহারীতে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে সাইট ক্লিয়ারেন্স ও ছাড়পত্র মিললেও জমি অধিগ্রহণের কাজ এখনও শেষ হয়নি। একইভাবে নলছিটি পৌরসভার জন্যও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।
বিষয়টি নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না জানান, আগে সুনির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন ছিল না। তবে বর্তমানে পৌরসভার বর্জ্যের জন্য ডাম্পিংয়ের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুগন্ধা নদীর তীরে যেন আর ময়লা ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপে নেওয়া হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মাদ মমিন উদ্দিন বলেন, পৌরসভার প্রশাসকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই নদীর তীরে ময়লা ফেলা না হয় এবং বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। এর পরও নদী ও এর তীরে ময়লা ফেলার ঘটনা ঘটলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

