বঙ্গোপসাগরে ৩৬ দিন ভেসে থাকার পর দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে দীর্ঘ ৩৬ দিন ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা নিজেদের বাবা ও ছেলে বলে পরিচয় দিয়েছেন। তারা হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার অদূরে একটি ফাইবার ট্রলারে ভাসমান অবস্থায় ওই দুই ব্যক্তিকে দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তাদের উদ্ধার করে নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালীতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালীতে পৌঁছান।

উদ্ধারকারী জেলে দলের মাঝি জিয়াউর রহমান জানান, মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা সাগরে ভেসে যান। দীর্ঘ এই সময়ে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছিলেন তারা। জীবন বাঁচাতে একটি বড় মাছ ধরে তা কাঁচা অবস্থায় খেয়ে কোনোভাবে টিকে ছিলেন বলে দাবি করেছেন উদ্ধার হওয়া জেলেরা। মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং তাদের নিখোঁজ হওয়ার দীর্ঘ সময়ের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।