সাতক্ষীরার শ্যামনগরে এবার ৭১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত বর্ণিল আয়োজনে শুরু হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলার প্রতিটি মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ পদ মণ্ডল জানান, গত বছরের ৭০টি মণ্ডপের তুলনায় এবার নতুন চারটি মণ্ডপ যুক্ত হয়েছে এবং আগের তিনটি বাদ পড়েছে। বর্তমানে উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের উৎসবে দর্শনার্থীদের আকর্ষণের জন্য নেওয়া হয়েছে নানা ব্যতিক্রমী উদ্যোগ। এর মধ্যে আড়পাঙ্গাশিয়া রাস মন্দির প্রাঙ্গণে কর্ণফুলী টানেলের আদলে তৈরি টানেল, হরিনগর বাজার সর্বজনীন দুর্গা মণ্ডপে ডিজিটাল লাইটিংয়ের ব্যবহার এবং সোনাখালী ভৈরবনগর মণ্ডপে আধুনিক আলোকসজ্জা ও চলন্ত প্রতিমা প্রদর্শন করা হচ্ছে। এছাড়া ভেটখালী দক্ষিণপাড়ায় ভারতের আসামের ভৈরবী মন্দিরের অনুকরণে প্যান্ডেল এবং দয়ালচাঁদ সেবাশ্রম দক্ষিণ বড় কুপট মন্দিরে ভারতের ওড়িশা রাজ্যের মুক্তেশ্বর মন্দিরের আদলে ২৪ ফুট দীর্ঘ নৃসিংহ অবতারের চিত্ররূপা প্রতিমা তৈরি করা হয়েছে। নওয়াবেঁকী বড়কুপট সর্বজনীন দুর্গা মন্দিরেও নবদুর্গা স্থাপন করা হয়েছে।
উপজেলার নকিপুর হরিতলা সর্বজনীন দুর্গা পূজা মণ্ডপ, আড়পাঙ্গাশিয়া রাস মন্দির, হরিনগর বাজার, মধ্য কুলতলী, নওয়াবেঁকী, কুপট বৈদ্য বাড়ি ও মন্দিরঘাট, ধূমঘাট শীলতলা এবং ভেটখালী দক্ষিণপাড়ার মতো বৃহৎ মণ্ডপগুলোতে ধর্মীয় আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এসব মণ্ডপে সরকারি ও বেসরকারিভাবে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, প্রতিটি মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি সিসি ক্যামেরা, জেনারেটর ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা হয়েছে।
পুরোহিত হরপ্রসাদ জানান, ১৬ অক্টোবর বোধন ও পূজার মাধ্যমে শুরু হওয়া এ উৎসব ২১ অক্টোবর বুধবার দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু পরিবারগুলোতে আনন্দের আমেজ বিরাজ করছে এবং নতুন পোশাক কেনাকাটায় স্থানীয় বাজারগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ পদ মণ্ডল জানান, চলতি বছর উপজেলার ১২টি ইউনিয়নে ৭১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। গতবার ৭০টি মণ্ডপে পূজা হলেও এবার নতুন করে ৪টি মণ্ডপ যুক্ত হয়েছে এবং আগের ৩টি বাদ পড়েছে।
পুরোহিত হরপ্রসাদ জানান, গত ১৬ অক্টোবর বোধন ও পূজার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং আগামী ২১ অক্টোবর বুধবার দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

