শ্যামনগরে শিক্ষক ও কবি সুপদ বিশ্বাসের পরলোকগমন

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুপদ বিশ্বাস আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ আগস্ট) সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুপদ বিশ্বাস বেশ কিছুদিন ধরে গ্যাসট্রিক, কিডনি ও লিভারজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বাড়লে তাকে প্রথমে শ্যামনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের নিরাপদ বিশ্বাসের ছেলে সুপদ বিশ্বাস পেশাগত কারণে উপজেলা সদরের বাদঘাটা এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চায় যুক্ত ছিলেন। তার লেখা অসংখ্য কবিতা ও গল্প বাংলা একাডেমির পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া তার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের পরিবার জানিয়েছে, রবিবার সকালে সুপদ বিশ্বাসের মরদেহ তার কর্মস্থল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানাবেন।

তার এই অকাল মৃত্যুতে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলার শিক্ষক পরিবার এবং স্থানীয় কবি ও সাহিত্যিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।