সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জের সদরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পরিবহনের অভিযোগে জাবেদ আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জব্দকৃত গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। আটক জাবেদ আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় গুলজার মিয়া (৪০) ও মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার এসআই মো. আতাউর রহমান সজিব জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

