রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে সাজেক ভ্যালিতে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে, রবিবার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ব্যানারে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। এই অবরোধের সমর্থনে সংগঠনের সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং পর্যটকরা আটকা পড়েন।
পরবর্তীতে রবিবার সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সংগঠন দুটি তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে অবরোধ তুলে নেওয়ার আগেই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধের এই ঘোষণা দেয়।

