চট্টগ্রামের রাউজানে খামারিদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় এলাকা ছাড়তে হয়েছে সদ্য বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুকে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে এই নজিরবিহীন ঘটনা ঘটে। একদিকে যখন কার্যালয়ের ভেতরে তার বিদায় সংবর্ধনার আয়োজন চলছিল, ঠিক তখনই বাইরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করছিলেন স্থানীয় খামারিরা।
মানববন্ধনে অংশ নেওয়া খামারিদের অভিযোগ, বদলি হওয়ার পরপরই হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে গেছেন বিদায়ী এই কর্মকর্তা। এছাড়া সরকারি আসবাবপত্র বিক্রি করে দেওয়ার পাশাপাশি যোগদানের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প আত্মসাৎ ও নানা অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে খামারিরা দাবি করেন। তারা এসব দুর্নীতির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় খামারি মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, সালাউদ্দিন, আলমগীর, রত্না মুহুরী এবং মোহাম্মদ আলী আকবরসহ আরও অনেকে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদায়ী কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা নিজেই ফোন করে কার্যালয়ে ঝামেলার আশঙ্কার কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন। ওসির ভাষ্যমতে, "বিদায়ী প্রাণি সম্পদ কর্মকর্তা ফোন করে বলেন, আমার অফিসে ঝামেলা হতে পারে। আমাকে একটু হেল্প করেন। পরে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। আসলে কি ঘটেছিল তা আমাকে জানায়নি।"

