রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দল এবং জেলার ৯টি উপজেলার দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাগমারা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন দল।