আইনজীবী নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে রাজপথে নেমেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারী, অ্যাডভোকেট মীর সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট শওকত কবির খোকন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা, অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শাল এবং অ্যাডভোকেট মো. আহসানুজ্জামান নাসিরসহ সমিতির অন্যান্য সদস্য। বক্তারা অভিযোগ করে বলেন, ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকানিয়া (ভূগলী) নদীর জলমহালকে কেন্দ্র করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

আইনজীবীদের দাবি, গত ২৮ সেপ্টেম্বর নাম-পরিচয়হীন কিছু ব্যক্তিদের সামনে রেখে একটি ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল, যা উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা আরও উল্লেখ করেন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ছয়বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং তার বাড়িও ইটনা উপজেলায়। তারা এই ঘটনায় জড়িত হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়িবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ এবং যুবলীগের সহসভাপতি মো. হুমায়ুন কবীরের নাম উল্লেখ করেন। সমাবেশ থেকে এই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়।