সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পাস্তা কারখানা, মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পাস্তা উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল সেখের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল সেখ জানান, সয়াধানগড়া মহল্লার মেসার্স এসবি ট্রেডার্সের কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। এছাড়া পাস্তার মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। পাশাপাশি বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স এবং ফুড গ্রেড রঙের মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানাও পাওয়া যায়নি।

এসব অনিয়মের দায়ে কারখানার মালিক মো. শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক আরও জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।