পাবনায় হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৯টি হর্ন জব্দ, জরিমানা

পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ ও পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালীন অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত যানবাহনের মধ্যে একটি বাস ও চারটি ট্রাক রয়েছে। পাবনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মোমিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মোমিন জানান, হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো মানুষের শ্রবণশক্তি ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, শব্দদূষণ কমিয়ে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি যানবাহনের চালক ও মালিকদের নির্ধারিত মানমাত্রার হর্ন ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।