আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে নজিরবিহীন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে, তা স্মরণ করিয়ে দিয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বিগত সরকারের অপশাসনের শিকার নেতাকর্মীদের ত্যাগের কথা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, গত পরশুদিন ইন্ডিয়া থেকে পতিত সরকার প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা শক্ত অবস্থানে আছি এবং কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।