দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) নীলফামারী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন সভায় বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ কঠোরভাবে সতর্ক রয়েছে। তিনি আরও জানান, পূজাকে ঘিরে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেলের নজরদারি বাড়ানো হয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে পুলিশ সুপার বলেন, জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়। পুলিশ সুপার তাদের উত্থাপিত বিষয়গুলোর ওপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-সেবা, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।