নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলবে ২০ বছরের জোগান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে আগুনের শিখা জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে এর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান নতুন গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে কূপটিতে খননকাজ পরিচালনা করা হয়েছে। তবে অতিরিক্ত তাপের কারণে আগুনের শিখাটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।

প্রাথমিক তথ্যানুযায়ী, নতুন এই কূপ থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ বছর পর্যন্ত এই কূপ থেকে নিরবচ্ছিন্নভাবে গ্যাস উত্তোলন করা যাবে। ভোক্তা পর্যায়ে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা বলে জানা গেছে।